সিলেটট্রিবিউন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন দেশজুড়ে একটিই প্রশ্ন—কে হচ্ছেন আগামীর মন্ত্রী? তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। আর এই সম্ভাব্য মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক হিসেবে আসতে পারে আধ্যাত্মিক রাজধানী সিলেটের ৫ হেভিওয়েট নেতার নাম।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের মন্ত্রিসভা সাজানো হচ্ছে অভিজ্ঞ প্রবীণ এবং উদ্যমী তরুণ নেতৃত্বের সমন্বয়ে। ইতোমধ্যে সিলেটের নবনির্বাচিত সংসদ সদস্যদের অনেকেই ঢাকায় অবস্থান করছেন এবং হাইকমান্ডের সাথে তাদের দফায় দফায় বৈঠক চলছে। সূত্র নিশ্চিত করেছে, পূর্ণাঙ্গ মন্ত্রী না থাকলেও প্রতিমন্ত্রী হিসেবে সিলেটের একাধিক নেতার নাম তালিকায় শীর্ষে রয়েছে।
দলের নির্ভরযোগ্য সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের গুঞ্জন অনুযায়ী, যারা এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন তারা হলেন: খন্দকার আব্দুল মুক্তাদির (সিলেট-১): মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বড় জয়ের পুরস্কার হিসেবে তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে। আরিফুল হক চৌধুরী (সিলেট-৪): জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার জোরালো আলোচনা চলছে। রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১): আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ হিসেবে তাকে পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। হুমায়ুন কবির (টেকনোক্র্যাট): তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে টেকনোক্র্যাট কোটায় আনার প্রবল সম্ভাবনা রয়েছে। মাওলানা উবায়দুল্লাহ ফারুক (টেকনোক্র্যাট): বিএনপি জোটের এই প্রভাবশালী আলেমকে ধর্মমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
দলীয় হাইকমান্ড মনে করছে, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং প্রশাসনে গতি আনতে টেকনোক্র্যাট ও তরুণ নেতৃত্বের বিকল্প নেই। বিশেষ করে সিলেটের পর্যটন এবং প্রবাসী সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিতেই খন্দকার মুক্তাদির ও হুমায়ুন কবিরের মতো নেতাদের বড় দায়িত্বে আনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে এসবই এখন পর্যন্ত প্রাথমিক আলোচনা ও সূত্রের দাবি। চূড়ান্ত তালিকা পেতে বঙ্গভবনের শপথ অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশবাসীকে।
সিটি/লিআ
