নিজস্ব প্রতিবেদকঃ ভোটের মাঠের লড়াই শেষ, এবার শুরু সম্প্রীতি ও উন্নয়নের পথচলা। সেই বার্তাই দিলেন সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা খন্দকার আব্দুল মুক্তাদির। বড় ব্যবধানে জয়লাভের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম’আ তিনি সরাসরি ছুটে যান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমানের শিবগঞ্জস্থ বাসভবনে।
মাওলানা হাবিবুর রহমানের শিবগঞ্জ লামাপাড়ার বাসায় পৌঁছালে খন্দকার মুক্তাদিরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দুই নেতা একে অপরকে জড়িয়ে ধরেন এবং মিষ্টিমুখ করান। এসময় তাদের মধ্যে দীর্ঘক্ষণ রাজনৈতিক ও ব্যক্তিগত নানা বিষয়ে আলাপ হয়। নির্বাচনে জয়-পরাজয় থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধের এই দৃশ্য সিলেটের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন উচ্চতা যোগ করেছে।
সাক্ষাৎকালে মাওলানা হাবিবুর রহমান নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরকে বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানান। বিপরীতে মুক্তাদিরও নির্বাচনী লড়াইয়ে হাবিবুর রহমানের অবদানের প্রশংসা করেন। তারা উভয়েই একমত হন যে, ব্যক্তিগত বা দলীয় মতপার্থক্য থাকলেও সিলেটের শান্তি, সম্প্রীতি এবং সামগ্রিক উন্নয়নে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।
খন্দকার আব্দুল মুক্তাদিরের এই শুভেচ্ছা সফরে তাঁর সাথে ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সিটি/লিআ
