সিলেটট্রিবিউন ডেস্কঃ আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর আরোপিত কঠোর বিধিনিষেধ প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার, প্রার্থী, নির্বাচনী এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকরা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
সচিব জানান, আগের পরিপত্রে কিছু অস্পষ্টতা থাকায় তা সংশোধন করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে:
- ভোটার, প্রার্থী এবং তাদের এজেন্টরা মোবাইল ফোন সাথে রাখতে পারবেন।
- সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা কেন্দ্রে মোবাইল ব্যবহার করে ছবি তুলতে পারবেন।
- তবে, গোপন কক্ষ বা ব্যালট স্ট্যাম্পিং রুমে কোনোভাবেই মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না।
সচিব বলেন, “পূর্ববর্তী সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল। স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা পরিপত্রের সেই অংশটি বাতিল করেছি। এখন থেকে সাংবাদিক ও পর্যবেক্ষকরা পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধার সম্মুখীন হবেন না।”
সিদ্ধান্ত শিথিল করা হলেও কেন্দ্রের ভেতরে দায়িত্ব পালনরত পোলিং এজেন্ট, পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা বহাল থাকছে। নিয়মানুযায়ী তারা কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
উল্লেখ্য, এর আগে ৮ ফেব্রুয়ারি এক নির্দেশনায় কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল, যা নিয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে তীব্র সমালোচনা শুরু হয়। ব্যাপক প্রতিক্রিয়ার মুখে কমিশন আজ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নতুন পরিপত্র জারি করল।
(সূত্র: বাসস)
সিটি/লিআ/ডেস্ক-০২
