নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনের দরবার হলে শপথ নিয়েছেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারে সিলেটের দাপট এখন সবচেয়ে বেশি আলোচিত। সিলেট-১ আসনের খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, খন্দকার আব্দুল মুক্তাদিরকে গুরুত্বপূর্ণ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়েছে। অন্যদিকে, প্রবাসীদের দীর্ঘদিনের আস্থার প্রতীক আরিফুল হক চৌধুরী পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন অভিজ্ঞ কূটনীতিক ও অর্থনীতিবিদ ড. খলিলুর রহমান। তাঁকে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।
আজকের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলো এবং দেশ এক নতুন রাজনৈতিক পথে যাত্রা শুরু করল।
সিটি/লিআ
