ধানের শীষ নির্বাচিত হলে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: সিলেটে তারেক রহমান




নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচার মুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পূরণ করেছি, দেশকে স্বৈরাচারমুক্ত করেছি।” তিনি আরও বলেন, বিগত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। উন্নয়নের নাম করে জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো শত হাজার মানুষকে হত্যা ও গুম করেছে। গুম-খুনের মামলা দিয়ে নেতাকর্মীদের জর্জরিত করা হয়েছে।

ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক করে তারেক রহমান বলেন, “ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে, আগামীতেও করবে।”

তিনি আরও উল্লেখ করেন, লাখ লাখ মানুষের এই জমায়েতের জন্য হাজারো মানুষ ২০২৪ সালে জীবন দিয়েছে। একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের গণতন্ত্রকামীরা।

জনগণের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানালে সবাই হাত নেড়ে সায় দেন। এছাড়া তিনি মা-বোনদের স্বাবলম্বী করা এবং প্রবাসীদের কথা মাথায় রেখে মানুষকে দক্ষ করতে ট্রেনিং ও নতুন সুযোগ তৈরির প্রতিশ্রুতি দেন।

এর আগে নির্বাচনের প্রচার শুরু করার জন্য বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তারেক রহমান। ৯টা ১৮ মিনিটে হযরত শাহজালাল (রহ) এর মাজার ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন তিনি এরপর রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে শ্বশুর বাড়ি রওনা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাত সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে শ্বশুর বাড়ি পৌঁছান। প্রাক্তন মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান তারেক রহমানের শ্বশুর। শ্বশুরবাড়িতে বক্তব্যের শুরুতেই তারেক রহমান স্থানীয় মুরুব্বি ও এলাকাবাসীর দোয়া কামনা করেন।

সিলেটট্রিবিউন/এমএলএ
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.