নিজস্ব প্রতিবেদকঃ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে আমাদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে। পার্শ্ববর্তী দেশগুলো এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রশিক্ষণে এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে থাকলে বিশ্ব আমাদের করুণার দৃষ্টিতে দেখবে। তাই আগামী পাঁচ বছরের প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর।”
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিলেটের উন্নয়ন ও আইটি খাতের প্রসারে বড় ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি ও আইটি খাতের প্রসারে বিশেষ জোর দেওয়া হবে। সিলেটে একটি আধুনিক ‘এআই (AI) সেন্টার’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। তিনি আরও বলেন, সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগ আকর্ষণে লাল ফিতার দৌরাত্ম্য কমাতে কাজ করছে সরকার।
নিত্যপণ্যের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এই দায়িত্বের গুরুত্ব বেড়ে যায়। দায়িত্ব নেওয়ার পরপরই রোজা চলে আসায় বড় পদক্ষেপের সময় কম থাকলেও আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। বাজারমূল্য নিয়ন্ত্রণে এই মজুত যথেষ্ট।”
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
এর আগে মন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সিটি/লিআ/
