ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে ওসমানীনগর থানাধীন ‘১৩ মাইল’ সংলগ্ন মাহেরা কনভেনশন সেন্টারের পাশে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৯-৯০২০) মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অজ্ঞাতনামা ড্রাম ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক ও হেলপার আটকা পড়েন।
দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন—কাভার্ড ভ্যান চালক জুয়েল (৩০), তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কান্দির পাড় গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং হেলপার রাকিব (২৮), তিনি গাজীপুর জেলার টঙ্গী থানার বড়দেওড়া গ্রামের শাহজাহানের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করে সরিয়ে নেয়। বর্তমানে উক্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
