নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁর পুত্র আবরার ইলিয়াস অর্ণব।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মা ও ছেলে উপস্থিত হয়ে তাঁদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে বিকেলে ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৃথকভাবে তাঁদের ডামি মনোনয়নপত্রও জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বিশ্বনাথ ও ওসমানীনগর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় সিলেট জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এম ইলিয়াস আলীর আকাশচুম্বী জনপ্রিয়তা এবং তাঁর পরিবারের প্রতি সাধারণ মানুষের আবেগ এই আসনে বিএনপিকে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রেখেছে। তবে একই আসনে মা ও ছেলের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি এখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। যদিও দলীয় সূত্র বলছে, আইনি জটিলতা এড়াতে বা রণকৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। আর আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই আসনের ভোটগ্রহণ। লুনার প্রার্থিতা এবং অর্ণবের স্বতন্ত্র লড়াইয়ের এই সমীকরণ সিলেট-২ আসনের নির্বাচনী লড়াইকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
