নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শুক্রবার রাতে কুমারপাড়াস্থ আরিফুল হক চৌধুরীর অফিসে আয়োজিত এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত এই এমপি পদপ্রার্থী।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা ও তিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তৃতাকালে আরিফুল হক চৌধুরী বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি গনতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামি মূল্যবোধের প্রতিচ্ছবি। এ প্রতীকের পক্ষে জনগণের ব্যাপক ভালোবাসা রয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে এবং সিলেটের সব আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে হবে।”
সভাপতির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, স্বেচ্ছাসেবক দল সবসময় আন্দোলন-সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দল ব্যক্তি নয়—বরং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে কাজ করে।
সভায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সিলেট-৪ আসনসহ সিলেটের প্রতিটি আসনে ধানের শীষের প্রার্থীর পাশে থেকে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
