নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরে হেলমেট পরিধানকারী মোটরসাইকেল আরোহীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় পুলিশ কমিশনার নিজ হাতে মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং চালকদের মোবাইল ফোনে সেলফি উঠেন তিনি।
তিনি বলেন, “সবার সঙ্গে আলাপ করে বুঝেছি—এই ১২ লাখ নগরবাসীর প্রত্যাশা একটাই, তারা যানজটমুক্ত ও নিরাপদ নগর চায়। আমরা সে লক্ষ্যে কাজ করছি। ফুটপাত হবে হকারমুক্ত, রাস্তাঘাট হবে যানজটমুক্ত। সড়কে সবাই যেন নির্ভয়ে চলাচল করতে পারে—এটাই আমাদের লক্ষ্য।”
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
এসটি/১৮০৯/এমএলএ
