বিশ্বনাথ, (সিলেট) প্রতিনিধিঃ 'সংঘাত নয়, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে বিশ্বনাথে নারীদের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন একটি শান্তি প্ল্যাটফর্ম। 'উইমেন এগেইনস্ট ভায়োলেন্স এভরিহিয়ার (ওয়েভ)' নামের এই সংগঠনের উদ্দেশ্য হলো নারী ও শিশু নির্যাতন রোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করা।
রোববার সকালে পৌর শহরের একটি সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিশ্বনাথ পিএফজির নারী এম্ব্যাসেডর নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিনিধি, তরুণ নেতা ও সুশীল সমাজের সদস্যরা। দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা তার শুভেচ্ছা বক্তব্যে নারীদের এই উদ্যোগকে স্বাগত জানান।
সভায় স্বপ্না শাহীনকে সমন্বয়কারী, হাসিনা বেগমকে যুগ্ম সমন্বয়কারী এবং হাজেরা বেগমকে সচিব করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পিএফজি ও ইয়ুথ পিস এম্ব্যাসেডর গ্রুপের সদস্য রাসনা বেগম, মুক্তা রানী, শারমিন আক্তার, রোকসানা, পারুল বেগমসহ ৩০ জন নারী নেতা এই উদ্যোগে সম্পৃক্ত হয়েছেন।
পিএফজি সমন্বয়কারী বদরুল ইসলাম মহসিন বলেন, "এই প্ল্যাটফর্ম স্থানীয় নারীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" বিশ্বনাথ উপজেলায় গত এক বছরে নারী নির্যাতনের বেশ কয়েকটি ঘটনা রেকর্ড করা হয়েছে, যা মোকাবিলায় নারীদের সংগঠিত করার প্রয়াসেই ওয়েভের জন্ম।
নাসরিন সুলতানা বলেন, "নারীদের সম্মিলিত কণ্ঠই পারে সহিংসতার চক্র ভাঙতে।" স্থানীয় প্রশাসনও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আগামী দিনগুলোতে উপজেলার বিভিন্ন গ্রামে ওয়েভের কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।
