ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ ওসমানীনগরের অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও জনপ্রিয় অনলাইন গণমাধ্যম 'সিলেট ভিউ'-এর সম্পাদক সাংবাদিক আহমদ মালিক হঠাৎ অসুস্থ হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পেটজনিত জটিলতা দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সাংবাদিক আহমদ মালিকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি হয়। ইতোমধ্যে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব, প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী এবং ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি শরীফ আহমদ চৌধুরী বলেন, “আহমদ মালিক শুধু একজন সংবাদকর্মী নন, তিনি ওসমানীনগরের গণমাধ্যম অঙ্গনের একটি উজ্জ্বল নাম। তাঁর নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতা সর্বমহলে প্রশংসিত। তাঁর এ অসুস্থতা আমাদের সবাইকে মর্মাহত করেছে।”
তাঁরা আরও বলেন, “আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”
উল্লেখ্য, সাংবাদিক আহমদ মালিক একজন অভিজ্ঞ ও নিষ্ঠাবান সংবাদকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত। ওসমানীনগরের স্থানীয় সাংবাদিকতা জগতে তাঁর ভূমিকা ও অবদান অনস্বীকার্য।
