প্রেস বিজ্ঞপ্তিঃ সিলেট জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) আয়োজিত অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ ৬ মে ২০২৫, মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগের চার জেলার মোট ৩০০ জন ভিডিপি সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, যার মধ্যে সিলেট জেলার ৮৪ জন প্রশিক্ষণার্থী সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান (বিভিএমএস, পিএএমএস)। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “শুধু চাকরি নয়, উদ্যোক্তা হয়ে নিজের পাশাপাশি দেশের সেবা করাও একটি মহৎ কাজ। আনসার-ভিডিপি সদস্যদের কাছে জাতি এই প্রত্যাশাই করে।”
তিনি বলেন, “ভিডিপি প্রশিক্ষণ শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়—এটি একটি আত্মউন্নয়নের পথ। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা যেমন দক্ষতা অর্জন করেন, তেমনি তারা সামাজিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”
তিনি প্রত্যেক উপজেলায় মডেল ভিডিপি প্লাটুন গঠনের মাধ্যমে গ্রামীণ জনপদে আইন শৃঙ্খলা, নারী-শিশু সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনার আহ্বান জানান।
জিয়াউল হাসান পরিবেশ রক্ষায় সামাজিক বনায়নের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারি খাস জমিতে বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে বলেন, “গাছ লাগানো শুধু পরিবেশের জন্য নয়—এটি একটি সদকায়ে জারিয়া।”
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে একজন সৎ, ভদ্র, বিনয়ী ও পরোপকারী নাগরিক হয়ে আপনাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে কোর্সে অংশগ্রহণকারী দুজন প্রশিক্ষণার্থী তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “এই প্রশিক্ষণে আমরা অস্ত্র পরিচালনা, পিটি-প্যারেড, সাইবার নিরাপত্তা, মানব সেবা, অপরাধ প্রতিরোধ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ পেয়েছি, যা আমরা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মপ্রত্যয়ী হতে চাই।” অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের 'বেস্ট ইন ড্রিল', 'বেস্ট ইন ডিসিপ্লিন', 'বেস্ট ইন অ্যাকাডেমিক' ও 'অলরাউন্ডার' ক্যাটাগরিতে ক্রেস্ট ও প্রশংসাপত্র দেওয়া হয়। ফুটবল ও ভলিবল খেলায় বিজয়ী দলগুলোকেও সম্মাননা প্রদান করেন অতিথিরা।
উপস্থিত ছিলেন সিলেট জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সার্কেল অ্যাডজুট্যান্ট ফারুক হোসাইন, জকিগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা দিব্যেন্দু ভট্টাচার্য মিটুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষকগণ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে স্মারক বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মোট ৩০০ জন ভিডিপি সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন।
