নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (১১ মে) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌকিদেখি পেট্রোল পাম্পের বিপরীত পাশে অবস্থিত চারটি দোকানে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো—তাকওয়া স্টোর, অন্নপূর্ণা ভ্যারাইটি স্টোর, তুষার এন্টারপ্রাইজ এবং অর্কিড জেনারেল স্টোর।
খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলোর ভেতরে থাকা মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়।
বিমানবন্দর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
হতাহত না হলেও জীবনের অর্জন হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দিশেহারা। তারা দ্রুত ক্ষতিপূরণ ও সরকারি সহায়তা কামনা করেছেন।
