নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং অসত্য ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় তিনটি সাংবাদিক সংগঠন—বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন। গতকাল রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এক জরুরি যৌথ সভায় এ প্রতিবাদ প্রকাশ করা হয়।
সভায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, অপপ্রচারে জড়িত ব্যক্তিরা যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি কিছু অজ্ঞাতনামা ব্যক্তি ও অনলাইন প্ল্যাটফর্মে বিশ্বনাথের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। অভিযোগে বলা হয়, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আঁতাত করে কিছু সাংবাদিক সরকারি তহবিলের অপব্যবহারের খবর চেপে গেছেন। এছাড়াও, একটি সিন্ডিকেটের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের ষড়যন্ত্রে সাংবাদিকদের জড়িত থাকারও অভিযোগ তোলা হয়।
সংগঠনগুলোর নেতৃবৃন্দ এ ধরনের অপপ্রচারকে সাংবাদিকতার মর্যাদাহানিকর ও সমাজে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা বলে আখ্যায়িত করেছেন। তারা বলেছেন, এসব মিথ্যা প্রচারণা স্থানীয় সাংবাদিকদের পেশাগত সততা ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র মাত্র।
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না বলেন, “সাংবাদিকরা সর্বদা জনস্বার্থে কাজ করেন। কোনো গোষ্ঠী বিশেষের স্বার্থে নয়। এসব অপপ্রচারের পেছনে যারা আছেন, তাদের উদ্দেশ্য অসৎ।”
সভায় আরও উপস্থিত ছিলেন— বিশ্বনাথ প্রেসক্লাব থেকে সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ জামাল মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ সাহেদ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন থেকে সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান প্রমুখ।
সংগঠনগুলোর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, “সাংবাদিকদের বিরুদ্ধে কোনো প্রকার মিথ্যা অভিযোগ বা মানহানিকর প্রচারণা সহ্য করা হবে না। দায়িত্বজ্ঞানহীন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন সাংবাদিক নেতারা।
