বিশ্বনাথ (সিলেট) থেকেঃ সিলেটের বিশ্বনাথে প্রবাসী বোনের ফ্ল্যাট থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) ভোররাত সাড়ে ৪টার দিকে পৌর শহরের রামপাশা রোডস্থ রোজিস টাওয়ারের একটি ফ্ল্যাটে মশারির স্ট্যান্ডের সঙ্গে অর্ধ ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়। নিহত আবদুল মুকিত (৩৫) বিশ্বনাথ উপজেলার মিরেরচর গ্রামের আব্দুস শহিদের ছেলে।
পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে মনে করলেও নিহতের পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড। তাদের মতে, লাশের পেট ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া, একটি পা মশারির স্ট্যান্ডের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল এবং শরীরে অন্যান্য আঘাতের চিহ্নও দেখা গেছে।
নিহতের স্বজনরা জানান, আবদুল মুকিত বিশ্বনাথ পৌরসভার একটি সুপারশপে চাকরি করতেন। রামপাশা রোডে তার প্রবাসী বোনের ফ্ল্যাটটি দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি। ফ্ল্যাটে কোনো ভাড়াটে ছিল না। শনিবার রাতে মুকিত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সেহরির সময় সিকিউরিটি গার্ডের কাছ থেকে জানা যায়, ফ্ল্যাটে বাতি জ্বলছে। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তবে জানালার গ্লাস খোলা ছিল এবং সেখান দিয়ে হাত ঢুকিয়ে দরজার ছিটকিনি খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে একটি কক্ষের মশারির স্ট্যান্ডের সঙ্গে মুকিতের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করার কথা জানানো হয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে লাশের ময়নাতদন্ত করা হবে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
