নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট মহানগরীর আওতাধীন ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকাল ৩টায় গোটাটিকরে আয়োজিত এই সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা দাবি করেন, ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা দেন। পাশাপাশি, বিএনপি চেয়ারপার্সন ও প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হয়ে দীর্ঘ ৯ মাস কারাবন্দি ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করছে এবং শহীদ জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের মতে, মুক্তিযুদ্ধের সময় দেশের সাধারণ মানুষ চরম সংকটে থাকলেও আওয়ামী লীগ নেতাদের অনেকে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করলে ফ্যাসিবাদী শাসনের রূপ স্পষ্ট হয়।
তারা আরও বলেন, দেশে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা জরুরি। অন্তর্বর্তী সরকারের কাছে তারা অবিলম্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।
২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জুমান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল মুমিন বাচ্চু, মুহিবুর রহমান মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিনার আহমদ, মো. শাহজাহান, মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য জুয়েল আহমদ, ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সায়েম আহমদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে নেতারা জাতীয় স্বার্থ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
