নিজস্ব প্রতিবেদকঃ
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার দুপুর ২টায় নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের অস্থায়ী কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে দেশে কোটিপতির সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়াকে জাতীয় সংকট হিসেবে উল্লেখ করেন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত এক নিবন্ধের উদ্ধৃতি দিয়ে তারা জানান, গত সাত মাসে দেশে প্রায় ৫ হাজার নতুন কোটিপতির জন্ম হয়েছে, যা দুর্নীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে দাবি করেন বক্তারা।
কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ অ্যাডভোকেট বলেন, "এই কোটিপতিরা জাতির গলায় কাঁটা হয়ে বসে আছেন। দুর্নীতি দমন কমিশনকে অবিলম্বে তাদের আয়ের উৎস তদন্ত করতে হবে।" অরুণ দেবনাথ অ্যাডভোকেট যোগ করেন, "রক্তাক্ত জুলাই-আগস্টের চেতনায় দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে ঋণখেলাপি, লুটেরা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।"
দুর্নীতি মুক্তকরণ যুব ফোরামের সভাপতি ইমাম হোসেন বলেন, "সরকারি পৃষ্ঠপোষকতায় দুর্নীতিবাজরা দেশকে লুটের হাটে পরিণত করেছে। এখনই রাষ্ট্রীয় সংস্কার ও গণপরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা জরুরি।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সদস্য মো. লায়েক মিয়া, যুব নেতা নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, যুব সংগঠক রাহেল বক্ত ও তামিম রহমান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভার শেষে দেশের সমৃদ্ধি ও দুর্নীতি মুক্তির প্রত্যাশায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ইকবাল হোসেন চৌধুরীর নেতৃত্বে এই প্রার্থনায় অংশগ্রহণকারীরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।
