জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর বাজারে পচা ও নিম্নমানের গরুর মাংস বিক্রির অপরাধে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের জৈন্তাপুর বাজারে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে জৈন্তাপুর বাজারে তদারকি অভিযান চালানো হয়। এ সময় পচা গরুর মাংস বিক্রির দায়ে হাতেনাতে এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ২৪(১) ধারায় অভিযুক্ত ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম বলেন, "জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। বাজারে সর্বসাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের তদারকি অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, সকল ব্যবসায়ীকে বিদ্যমান আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভোক্তাসাধারণের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও পরিচালিত হবে।
সিটি/লিআ/জৈপ্র
