সিলেটট্রিবিউন ডেস্কঃ ভোক্তাপর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে চলতি আগস্ট মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা জুলাই মাসে ছিল ১ হাজার ৫২৮ টাকা।
আজ রবিবার (২ আগস্ট) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির নতুন এই মূল্যসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দর কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য পরিবর্তন ও ডলারের বিনিময় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই এলপিজির দাম সমন্বয় করে থাকে বিইআরসি। বিইআরসির নির্দেশনা অনুযায়ী, কোনো গ্রাহকের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম নেওয়া যাবে না এবং বাজারে সঠিক মূল্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি চালানো হবে।
সিটি/লিআ/সিটিডেস্ক
