ওসমানীনগর প্রতিনিধিঃ সদ্য প্রয়াত সাংবাদিক, দৈনিক যায়যায়দিন-এর ওসমানীনগর উপজেলা প্রতিনিধি ও ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক অসহায় পরিবারের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি। মানবিক এ উদ্যোগের আওতায় প্রায় সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের মিরারগাঁও গ্রামের শারীরিক প্রতিবন্ধী কাওছার আহমদের পরিবারের জন্য একটি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। এটি নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির যৌথ অর্থায়নে বাস্তবায়িত ২৭তম মানবিক প্রকল্প।
শনিবার (১৮ জুলাই) সকালে মিরারগাঁও গ্রামে কাওছার আহমদের নিজস্ব ভিটায় আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রনিক পাল, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য নাজমুল ইসলাম ও জুয়েল আহমদ, প্রয়াত সাংবাদিক হারুন রশিদের সহোদর মাছুম আহমদ এবং তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহিদ আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন দয়ামীর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এম. রুম্মান আহমদ নোমান।
বক্তারা বলেন, সাংবাদিক হারুন রশিদ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। মানবিক মূল্যবোধ, সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি মানুষের হৃদয়ে আজও স্মরণীয়। তাঁর স্মৃতিকে ধারণ করে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির এই উদ্যোগ শুধু একটি ঘর নির্মাণ নয়, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা এ মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি এভাবে অসহায় পরিবারের পাশে দাঁড়ান, তবে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানীনগর কৃষক দলের সদস্য সচিব আব্দুল গনী, সৈয়দ ইসহাক আলী, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজলু মিয়া, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবুল, অয়েস আহমদ, মো. আনু মিয়া, নেসার্স ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রয়াত সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফিরাত এবং দাতা সংস্থার সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মিরারগাঁও জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা লুকমান আহমদ।
সিটি/লিআ/নিপ্র
