নিজস্ব প্রতিবেদকঃ যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা এবং একটি সুস্থ, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সিলেটের মোগলাবাজারে এক বিশাল মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানা এলাকায় স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-দক্ষিণ) অলক বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এডিসি (দক্ষিণ) অলক বিশ্বাস বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে এসে জোরালো সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি ঘরে ঘরে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে তরুণ প্রজন্ম মাদকের ভয়াবহতা থেকে পুরোপুরি মুক্ত থাকে।”
সমাবেশে অন্যান্য বক্তারাও মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং তরুণ সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন।অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, সদস্য সচিব জামাল আহমদ, কুচাই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদউদ্দিন রুকন, সহ-সভাপতি সুমন সিকদার, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জুম্মান আহমদ, সাধারণ সম্পাদক মিনার আহমদ, বিএনপি নেতা বাচ্চু আহমদ, শাহাজান আহমদ, ৪০ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা আব্দুল হাসিব এবং ৪১ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা শিপু আহমদ।
এছাড়াও স্থানীয় বিএনপির বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইসরাব আলী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং ২৭, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ জনগণ এই বিশাল র্যালি ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সিটি/লিআ/প্রেবি
