স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির মাছ বোঝাই একটি ট্রাকের চাপায় সোহেল মিয়া (৪৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ সিএনজি শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
আজ রবিবার (২১ জুন) ভোরে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার ভোরে জীবিকার তাগিদে সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সোহেল মিয়া। আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় নিজের অটোরিকশাটি রেখে চা পানের উদ্দেশ্যে মহাসড়কের অপর পাশে যাওয়ার সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি মাছবোঝাই দ্রুতগতির ট্রাক তাকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
এদিকে, সহকর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক আউশকান্দি এলাকায় সিএনজি শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সিটি/লিআ/স্টারি
