নিজস্ব প্রতিবেদকঃ দেশে বর্তমান জ্বালানি সংকটের আশঙ্কায় এবং গ্যাস রেশনিং পদ্ধতির অংশ হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ৩ এপ্রিল দুপুর থেকে দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানার উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ ও অনিশ্চয়তা বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২৮ মার্চ অনুষ্ঠিত ওই সভায় আগামী তিন মাস (এপ্রিল-জুন) রেশনিংয়ের মাধ্যমে দেশের সার উৎপাদন অব্যাহত রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই শাহজালাল সার কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে গ্যাস সরবরাহের সীমাবদ্ধতা বিবেচনায় এই রেশনিং পদ্ধতি কার্যকর করা হয়েছে। তবে চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে যে, মে ও জুন মাসে পরিস্থিতি সাপেক্ষে পুনরায় গ্যাস সরবরাহ সম্ভব হতে পারে।
শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জিএম (অ্যাডমিন) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনার আলোকেই ৩ এপ্রিল দুপুর থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, সার উৎপাদনে এই সাময়িক স্থবিরতা স্থানীয় পর্যায়ে সারের সরবরাহ ও কৃষি খাতে কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
সিটি/লিআ/
