রবিবার (৭ ডিসেম্বর) ইসির দশম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান। তিনি বলেন, সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা বাড়িয়ে ভোটগ্রহণ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের বিষয়ে খুব শিগগিরই একটি পরিপত্র জারি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনার ভিত্তিতে মাঠ পর্যায়ের নিরাপত্তার বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করবে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজন অনুযায়ী বাহিনী মোতায়েন করা হবে।
এ ছাড়া নির্বাচন কমিশনে একটি সেন্ট্রাল মনিটরিং সেল গঠিত হবে, যেখানে বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতিনিধি থাকবেন। এই সেল থেকেই নির্বাচন ঘিরে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা করা হবে। যদিও সংশ্লিষ্ট প্রতিটি সংস্থার নিজস্বভাবেও এ ধরনের তথ্য ব্যবস্থাপনার সক্ষমতা রয়েছে।