ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলী চ্যারিটি ফাউন্ডেশন’-এর ট্রাস্টি এবং ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হাজেরা আলী পান্না ও তাঁর সহোদর দিলন মিয়াকে জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২৪ জুন) দুপুরে ওসমানীনগর প্রেসক্লাব কার্যালয়ে ওসমানীনগর প্রেসক্লাব ও ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজেরা আলী পান্না এবং তাঁর ভাই বিশিষ্ট সমাজসেবক দিলন মিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া।
ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহমদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি রনিক পাল, কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য শাহাব উদ্দিন শাহিন, আব্দুর রকিব আনু, মাছুম আহমদ, জুয়েল মিয়া, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফজলু মিয়া এবং মানবাধিকার কর্মী পারভেজ মিয়া। এছাড়াও অনুষ্ঠানে সমাজকর্মী আখলু মিয়া, রাজন আহমদ, নয়ন মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উমরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. জুনাব আলী। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, আলী চ্যারিটি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের শিক্ষা, চিকিৎসা, বিয়েসহ বিভিন্ন সামাজিক ও মানবিক খাতে আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে সংগঠনটি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
বক্তারা আরও বলেন, সুদূর প্রবাসে অবস্থান করেও হাজেরা আলী পান্না ও দিলন মিয়া দেশের মা ও মাটির টান ভুলে যাননি। তাঁদের এমন মানবসেবামূলক কর্মকাণ্ড সমাজের বিত্তবানদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। বক্তারা তাঁদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে আলী চ্যারিটি ফাউন্ডেশনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
সিটি/লিআ/ওপ্র