নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
আজ রবিবার (২১ জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ নিশ্চিত করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন দায়িত্ব অনুযায়ী মো. সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটে দায়িত্ব পালনকালে ডিসি মো. সারওয়ার আলম বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে বেশ আলোচনায় ছিলেন। সর্বশেষ সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার অংশ হিসেবে শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপন করেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সিলেটের স্থানীয় ধর্মীয় ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন এই কর্মকর্তা।
এদিকে সচেতন নগরবাসী ও রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, ঐতিহ্যবাহী দুই মাজারকে ঘিরে সাম্প্রতিক ওইসব ঘটনার প্রেক্ষাপট ও উদ্ভূত পরিস্থিতির কারণেই তাকে হঠাৎ প্রত্যাহার করা হয়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
সিটি/লিআ/নিপ্র
