নিজস্ব প্রতিবেদকঃ সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেধাবৃত্তি প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। গত শনিবার বেলা ১১টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সুলেমান হলে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত একটি বিশেষ ম্যাগাজিনের মোড়ক উন্মোচনও করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলিমুল ইসলাম। অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) সিলেট অঞ্চলের উপ-পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির।
এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ মেডিসিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ মোক্তার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলিমুল ইসলাম বলেন, "দেশের শিক্ষা খাতের অগ্রগতিতে কিন্ডারগার্টেন তথা বেসরকারি স্কুল-কলেজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্ডারগার্টেনগুলোর পড়াশোনার মান নিঃসন্দেহে উন্নত। আমার নিজের সন্তানও কিন্ডারগার্টেনে লেখাপড়া করেছে।" তিনি আরও বলেন, এই ধরনের মেধাবৃত্তি প্রদানের ফলে কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরও বেশি উৎসাহিত হবে। একই সাথে তিনি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি বাস্তবমুখী ও গবেষণামূলক শিক্ষা প্রদানের জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যাতে তারা ভবিষ্যতে দেশের প্রকৃত সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে।
অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান মুরাদ, দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান ও শিক্ষিকা রেখা ঘোষের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাশুক মিয়া ও ম্যাগাজিন কমিটির আহ্বায়ক এমদাদুল হক মিলন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মো. সামী এবং গীতা পাঠ করে কৃতী শিক্ষার্থী শিমলা মুন্ডা। অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন কাজল চন্দ্র দাস। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সিটি/লিআ/নিপ্র
