আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে আজ বুধবার (১৮ মার্চ) ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
দুই মসজিদভিত্তিক নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ এবং সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক ‘গালফ নিউজ’ এই তথ্য নিশ্চিত করেছে। আজ বুধবার সন্ধ্যায় সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে এবং দেশের কোথাও নতুন চাঁদ দেখা না যাওয়ায় ৩০টি রোজা পূর্ণ করার সিদ্ধান্ত ঘোষণা করে।
চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। ইসলামের ঐতিহ্য অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই হিজরি মাসের গণনা করা হয়। সেই ধারাবাহিকতায় শুক্রবার দেশটিতে উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর পালিত হবে। এর আগে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটির ঘোষণা দিয়েছে। শ্রম আইন অনুযায়ী, আজ বুধবার রাত থেকেই চার দিনের এই ছুটি শুরু হবে। মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানিয়েছেন, জরুরি সেবা সচল রেখে কর্মীরা যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য আগেভাগেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে শুক্রবার ঈদ হওয়ায় সাধারণত তার পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। তবে সবকিছু নির্ভর করছে আগামীকাল বাংলাদেশের আকাশে চাঁদ দেখার ওপর।
(সূত্র: গালফ নিউজ ও ইনসাইড দ্য হারামাইন)
সিটি/লিআ/ডেস্ক
