নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর তোপখানা এলাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সিলেটের আধুনিক রূপকার ও সাবেক সফল অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের হাত ধরেই এ অঞ্চলের রাস্তাঘাট, বিমানবন্দরসহ অবকাঠামোগত আমূল পরিবর্তন এসেছিল। তারা বিশ্বাস করেন, খন্দকার আব্দুল মুক্তাদিরের সুযোগ্য নেতৃত্বে সিলেটের সেই হারানো উন্নয়নের গৌরব আবারও ফিরে আসবে। ব্যবসায়ীরা যাতে ভয়ভীতিহীন ও শান্তিতে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেজন্য নবনির্বাচিত সংসদ সদস্যের শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করেন তারা।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, শুধু উন্নয়ন নয়, জনগণের সেবক হিসেবে সকল শ্রেণী-পেশার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মুক্তাদির সংসদের ভেতরে ও বাইরে সোচ্চার থাকবেন। তাঁর নেতৃত্বে সিলেটের ব্যবসা-বাণিজ্যে নতুন গতির সঞ্চার হবে বলেও তারা মন্তব্য করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, যুগ্ম মহাসচিব মনিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক, মোহাম্মদ আলী আকিব ও হোসেন আহমদ।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, হাইব্রিড সিটির চেয়ারম্যান মো. কবির আহমদ, খুলনা সমিতি সিলেটের সভাপতি ড. খসরুজ্জামান, চট্টগ্রাম সমিতি সিলেটের সভাপতি এডভোকেট বিশ্বনাথ ঘোষসহ মধুবন, হাসান মার্কেট, সিলেট প্লাজা, সিটি সুপার, রাজা জি.সি মার্কেট, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ও কাজীবাজার মৎস্য ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন মার্কেটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিটি/লিআ