সিলেটট্রিবিউন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, সোমবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এরইমধ্যে এ নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর ওইদিন বিকেলেই রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে হাজির হবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস দু’টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি করে আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়লাভ করেছেন।
সিটি/লিআ/ডেস্ক
