সিলেটট্রিবিউন ডেস্কঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রাকালে পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্র-জনতা শাহবাগের ‘শহীদ ওসমান হাদি চত্বরে’ অবস্থান নিলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই’—এমন বিভিন্ন স্লোগানে শাহবাগ এলাকা উত্তাল করে তোলেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেলেও জাদুঘরের পাশের একটি অংশ দিয়ে সীমিতভাবে গাড়ি চলছে।
এর আগে দুপুরে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ জলকামান ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পরবর্তীতে বাংলামোটর মোড়েও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ও ফাতেমা তাসনিম জুমাসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিটি/লিআ/জানি
