![]() |
| ছবিঃ এসএমপি |
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে ওয়ার্ক পারমিট ভিসায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৩২ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা মো. মামুন আহমদ (৩৫)-কে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরীর নাইওরপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মামুন সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানার পীরেরচক (পীরের বাজার) এলাকার মৃত মো. মাহমুদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মামুন ও তার স্ত্রী ‘SMART EDUCATION & IMMIGRATION’ নামক একটি ট্রাভেলস এজেন্সির আড়ালে দীর্ঘদিন ধরে বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের সাথে প্রতারণা করে আসছিলেন। তারা জনৈক এক ভুক্তভোগীকে বিদেশে পাঠানোর নাম করে কয়েক দফায় ৩২ লাখ টাকা হাতিয়ে নেন। টাকা আত্মসাতের পর মামুন ও তার স্ত্রী গা-ঢাকা দেন। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে একটি মামলা দায়ের করলে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-৪২, তারিখ- ১৯/১০/২০২৫ইং) রুজু হয়।
কোতোয়ালী মডেল থানার এসআই (নি.) মো. আতিক উজ জামান জুনেল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নাইওরপুল এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করতে সক্ষম হন। পুলিশের সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে দেখা গেছে, গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, এই প্রতারক চক্রের সাথে মামুনের স্ত্রীও সরাসরি জড়িত রয়েছেন এবং তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিকে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে এ ধরনের ট্রাভেলস এজেন্সির সাথে লেনদেনের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সিলেটট্রিবিউন/এমএলএ
