নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশমাতা বেগম খালেদা জিয়া দেশ ও মানুষের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, কিন্তু কারো কাছে মাথা নত করেননি। আমরাও কারো দাসত্ব করব না, স্বকীয়তা নিয়ে নিজেরাই এগিয়ে যাব। যারা অন্যের ওপর নির্ভরশীল হয়ে পথ চলে, তারা কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না।”
শুক্রবার (২৩ জানুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা, টুকেরবাজারে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, “দাসত্বের শৃঙ্খল আমাদের চিন্তাকে বন্দি করে রাখে এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করে। আমরা কোনো শক্তির করুণায় চলতে চাই না। আমাদের শক্তি হলো আমাদের ঐক্য, আর লক্ষ্য হলো একটি স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাবান রাষ্ট্র গড়া। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এক নতুন বাংলাদেশ গড়তে চাই।”
তিনি বলেন, “বিএনপি যতবার ক্ষমতায় গেছে, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নসহ সার্বিক উন্নয়ন হয়েছে। ধানের শীষ গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। দেশ ও মানুষের বৃহত্তর স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”
উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিল্লোর রহমান, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সহ-সভাপতি হাজী আব্দুর রকীব ও সওকত আলী বাবুল, অ্যাডভোকেট কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া।
আরও উপস্থিত ছিলেন— মাওলানা সুহেল আহমদ, দক্ষিণ রণীখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক কয়েস আহমদ, পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সিলেটট্রিবিউন/এমএলএ