নিজস্ব প্রতিবেদকঃ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো সিলেটসহ সারাদেশ। সোমবার সকাল গড়িয়ে দুপুর পার হলেও সিলেটে সূর্যের দেখা মেলেনি। কুয়াশার ঘনত্ব বেশি থাকায় দিনভর আকাশ মেঘলা ও অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। ফলে দিনমজুর ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং শীতের তীব্রতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ ও কুয়াশার কারণে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, আকাশে কুয়াশার আস্তরণ অনেক নিচে নেমে আসায় সূর্য সহজে দেখা যাচ্ছে না। সিলেটে আজকের তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি এবং এই অবস্থা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব অধিক হওয়ায় আকাশ সহজে পরিষ্কার হচ্ছে না, যার ফলে শীতের তীব্রতা আরও অনুভূত হচ্ছে।
এদিকে শুধু সিলেট নয়; রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দুপুর ২টা পর্যন্ত রোদের দেখা মেলেনি। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, কুয়াশাবেল্ট সক্রিয় থাকায় দেশের অনেক জেলায় আজ সারাদিন সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
এসটি/এমএলএ
