নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শাহজাদপুর ও মেরুল বাড্ডায় আধাঘণ্টার ব্যবধানে দুইটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার ভোরে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের এবং মেরুল বাড্ডায় আকাশ পরিবহনের দুইটি বাসে আগুন দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার।
তিনি জানান, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের বাসে আগুন লাগে এবং তার প্রায় ২৫ মিনিট পর, অর্থাৎ সোয়া ৬টার দিকে, মেরুল বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির কাছাকাছি আকাশ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোজিনা আক্তার আরও জানান, কীভাবে বাসগুলোতে আগুনের সূত্রপাত ঘটেছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
