‘সিলেট ব্যাটারিচালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ’-এর ব্যানারে সকাল থেকে শত শত রিকশাচালক চৌহাট্টা এলাকায় জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশন ঘেরাও করে উত্তেজনাপূর্ণ স্লোগান দেন। ‘পারমিট চাই’, ‘রিকশা চালাতে দাও’, ‘গরিবের পেটে লাথি মারো না’—এমন শ্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে চালকরা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকেও যাওয়ার চেষ্টা করেন। তবে তারা সিটি কর্পোরেশন চত্বরেই অবস্থান নিয়ে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যান। এ সময় সড়কে আংশিক যানজটের পরিস্থিতি তৈরি হয়।
অবস্থান কর্মসূচিতে চালকরা অভিযোগ করেন, পারমিট না দিয়ে তাদের রিকশা আটক ও মামলা দেওয়া হচ্ছে। এতে তারা পরিবার-পরিজন নিয়ে পথে বসে যাওয়ার শঙ্কায় রয়েছেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, গত তিনদিন ধরে নগরীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে শতাধিক যানবাহন আটক ও মামলা করা হয়েছে। বুধবারের অভিযানে শুধু ব্যাটারিচালিত রিকশাই আটক হয় ৪৪টি। এছাড়া বিভিন্ন এলাকায় অবৈধ চার্জিং স্টেশন থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিপুল পরিমাণ চার্জিং সরঞ্জাম জব্দ করা হয়েছে।
