স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের গ্রুপ ‘বি’-তে দাঁড়িয়ে গেছে রোমাঞ্চকর সমীকরণ। আজ শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের লড়াইয়ে নির্ধারিত হবে কারা যাবে সুপার ফোরে। এই এক ম্যাচের ফলেই বদলে যেতে পারে বাংলাদেশসহ তিন দলের ভাগ্য।
বাংলাদেশ ইতিমধ্যেই গ্রুপ পর্ব শেষ করেছে। এখন তাদের তাকিয়ে থাকতে হবে আজকের ম্যাচের দিকে। শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ ও লঙ্কানরা একসঙ্গেই যাবে সুপার ফোরে। তবে আফগানিস্তান জিতলে সমীকরণ হবে জটিল, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নির্ভর করতে হবে রানরেটের উপর।
তাই বাংলাদেশের হাজারো সমর্থকের আবেগ এখন জড়িয়ে গেছে শ্রীলঙ্কার জয়ে।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা বিষয়টি মানতে দ্বিধা করেননি। তিনি বলেন, “হ্যাঁ, বাংলাদেশি সমর্থকরা আমাদের জয়ের অপেক্ষায় আছেন। তবে আমাদের লক্ষ্য একটাই—ম্যাচ জেতা। প্রতিটি ম্যাচ আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ।”
আফগানিস্তানের শক্তিশালী স্পিন আক্রমণের কথাও উল্লেখ করেন শানাকা। তিনি বলেন, “রশিদ খান, নূর আহমদ, গজনফর—ওদের স্পিন আক্রমণ সবসময়ই চ্যালেঞ্জিং। তবে আমরা তৈরি। এর আগেও সংযুক্ত আরব আমিরাতে তাদের মুখোমুখি হয়েছি।”
এদিকে বাংলাদেশের সমর্থকদের চোখ এখন আজকের ম্যাচে। আজকের ম্যাচের ফলই ঠিক করে দেবে টাইগারদের এশিয়া কাপে টিকে থাকার আশা।
