স্টাফ রিপোর্টার: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন-হামলা-মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জালালাবাদ প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) যৌথভাবে সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএমএসএস সিলেট বিভাগীয় সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক সবুজ নিশানের সিলেট ব্যুরোচীফ শহীদ খান।
বক্তব্য দেন—বিএমএসএস কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও দৈনিক গণমুক্তির সিলেট ব্যুরোচীফ মোহাম্মদ হানিফ, জালালাবাদ প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল এস সিলেট ব্যুরোচীফ শিহাব আহমদ, সাধারণ সম্পাদক ফয়েজ খান কামাল, সিনিয়র সাংবাদিক ও লেখক রুহুল ইসলাম মিঠু, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক হাওরাঞ্চলের কথা’র স্টাফ রিপোর্টার বিপ্লব পাল, অনলাইন নিউজ পোর্টাল *সিলেটের বারুদ* সম্পাদক ও দৈনিক মাতৃজগতের সিলেট ব্যুরোপ্রধান ফয়সল কাদির, সোসাইটি অব ন্যাশনাল মিডিয়া কমিশন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহানউদ্দিন নাজু, মানবাধিকার ও তথ্য বিষয়ক সংগঠনের সিলেট বিভাগীয় ভাইস-চেয়ারম্যান আব্দুর রাশিদ রিমন, জালালাবাদ প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাহেদ আহমদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট ব্যুরোচীফ মোশারফ হোসেন খান, জালালাবাদ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, পাঠাগার সম্পাদক রুকনে আলম চৌধুরী, প্রচার সম্পাদক জাহেদ আহমদ, সদস্য ইরফান আলী চুনু, সাংবাদিক বিষু দেবনাথ, শাহীন আলম, আশরাফুল ইসলাম, ইস্তেয়াক আহমদ লিমন, জয়দীপ চক্রবর্তী, ট্রাস্ট সিলেটের পরিচালক রুহুল আমিন প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন বিএমএসএস বিভাগীয় প্রচার সম্পাদক রাজন আহমদ আরিয়ান ও দৈনিক হাওরাঞ্চলের কথা’র মাল্টিমিডিয়া স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফিক।
বক্তারা বলেন, দেশের দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ঘটছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার আজও না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। যদি পূর্বের সকল হত্যার বিচার হতো, তাহলে তুহিনের মতো সৎ ও নির্ভীক সাংবাদিককে প্রাণ দিতে হতো না।
তারা আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি—এটাই আমাদের দুর্ভাগ্য। বহুদিন ধরে সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি জানানো হলেও কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নেয়নি। বক্তারা বর্তমান সরকারকে আহ্বান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ইতিহাসে একটি মহৎ কাজের দৃষ্টান্ত স্থাপন করার জন্য।
