লন্ডন প্রতিনিধিঃ বিশ্বনাথের কৃতী সন্তান, বিশিষ্ট সাংবাদিক খালেদ মাসুদ রনিকে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বিশ্বনাথবাসীর পক্ষ থেকে এক বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি লন্ডন বাংলা প্রেস ক্লাব থেকে ‘সর্বোচ্চ রিপোর্টিং ও প্রেজেন্টিং অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করায় এই সম্মাননা প্রদান করা হয়।
গত ১৭ জুন (মঙ্গলবার) বিকেলে পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ স্কুলের হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্রিটেনের নানা প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বিশ্বনাথবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে খালেদ মাসুদ রনিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, খালেদ মাসুদ রনি একজন সৎ, নির্ভীক ও আদর্শ সাংবাদিক। দেশ-বিদেশের সংবাদ অঙ্গনে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তিনি সাংবাদিকতায় নিরপেক্ষতা বজায় রেখে প্রবাসীদের সত্য ও সাহসিকতার কণ্ঠস্বর হয়ে উঠেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ। যৌথ সঞ্চালনায় ছিলেন আকলুছ মিয়া, শরিফুল ইসলাম ও তোফাজ্জল আলম। প্রধান অতিথির বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সুলুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার, সাংবাদিক ও রাজনীতিবিদ এ কে এম আবুতাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জোবায়ের, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি তৈমুছ আলী, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি মানিক মিয়া, সাংবাদিক আফজল হোসেন, মুফতি আব্দুল মোন্তাকিম, মুফতি ছালেহ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ, উদ্যোক্তা, তরুণ প্রজন্মের প্রতিনিধি ও বিশ্বনাথ অঞ্চলের শতাধিক প্রবাসী।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ মাসুদ রনি বলেন, "এই সম্মাননা আমার জন্য নয়, এটা পুরো প্রবাসী বিশ্বনাথবাসীর অর্জন। আমি কৃতজ্ঞ, গর্বিত ও আবেগভরা এই মুহূর্তকে হৃদয়ে ধারণ করব।" তিনি আরও বলেন, "আপনাদের ভালোবাসাই আমার শক্তি, আমি চাই সত্যের পথে থাকতে, দায়িত্বশীলভাবে সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও জাতিকে কিছু দিতে।"
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নজরুল ইসলাম। পুরো আয়োজন ছিল প্রাণবন্ত ও সম্মাননার আবহে আবৃত।
