নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের গোলাপগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী এক ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। “বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডস”-এর আয়োজন ও আপলিফট ইউ, ডালাস ইউনাইটেড এসোসিয়েশন এবং ডিএমভি স্পোর্টস কাউন্সিল-এর যৌথ অর্থায়নে এ শিবিরে ৩৫০ জনের বেশি রোগী বিনামূল্যে চক্ষু সেবা গ্রহণ করেন।
শনিবার (১৭ মে) গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষীপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত কতোয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শিবির অনুষ্ঠিত হয়।
চক্ষু শিবিরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউএসএস ডিএমডিভুক্ত কমিউনিটি লিডার মোস্তাক হোসেইন এবং বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা মো. আমিনুর রশিদ মাসুদ। সেবা প্রদান করেন সিলেট ফ্যাকো সেন্টারের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. এ কে এম শাহ রিয়াদ ও ডা. লিমন বিশ্বাস।
শিবির পরিচালনায় ছিলেন নাজমুল হাসান ইমরান ও কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন সমাজসেবক কামাল উদ্দিন বেলাল, আলী আহমদ লিপু, ইউপি সদস্য জালাল আহমদ, ফাহাদ আহমদ, দিদার আহমদ, খালেদ আহমদ, শামসুল হক জুন্নাহ, কামরুল আহমদ, মুনতাজুর রহমান নাফি, আল আহবাব, তুহিন আহমদ, মারওয়ান আহমদ ও সিজান আহমদ প্রমুখ।
চিকিৎসা সেবার অংশ হিসেবে বিনামূল্যে চোখের প্রাথমিক পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। পাশাপাশি ছানি পড়া রোগীদের শনাক্ত করে পরবর্তী চিকিৎসার পরামর্শ দেওয়া হয়।
বক্তারা বলেন, মানবিকতা ও চিকিৎসা সেবায় হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডস যে ভূমিকা রেখে চলেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ দরিদ্র ও অসহায় জনগণের মুখে হাসি ফোটাচ্ছে।
তারা ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
