সিলেট ট্রিবিউন ডেস্কঃ দীর্ঘ নয় দিন বন্ধ থাকার পর আজ রোববার (৬ এপ্রিল) থেকে দেশের অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজারে আবারও কর্মচাঞ্চল্য ফিরছে। সকাল ১০টা থেকে ব্যাংকের স্বাভাবিক লেনদেন শুরু হবে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। পুঁজিবাজারের লেনদেনও শুরু হবে সকাল ১০টা থেকে এবং চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।
চলতি বছর ঈদুল ফিতর উদযাপিত হয় ৩১ মার্চ (সোমবার)। ঈদ উপলক্ষে নির্ধারিত পাঁচ দিনের সরকারি ছুটির সঙ্গে ৩ এপ্রিল একদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এরপর ৪ ও ৫ এপ্রিল যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সর্বমোট নয় দিনের টানা ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
ছুটির এ সুবর্ণ সুযোগে ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছিলেন নানা শ্রেণি-পেশার মানুষ। ছুটি শেষে শনিবার থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেন তারা, ফলে রাজধানীতে ফিরেছে চিরচেনা কর্মচাঞ্চল্য।
যদিও এই নয় দিন ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ ছিল, তবে তৈরি পোশাক শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের সুবিধার্থে ঈদের আগের দিন (৩০ মার্চ) পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু ছিল। পাশাপাশি, বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল যেন ছুটির মধ্যেও এটিএম বুথ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), কিউআর কোড ও ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসমূহ সার্বক্ষণিক সচল থাকে। পাশাপাশি এটিএম বুথে টাকা সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিতের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এছাড়াও ঈদের ছুটিতেও দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের নির্দিষ্ট শাখা ও বুথগুলো খোলা ছিল জরুরি লেনদেনের সুবিধার্থে।
দীর্ঘ ছুটি শেষে আজ থেকে আবারও স্বাভাবিক গতি ফিরে পাচ্ছে দেশের সরকারি-বেসরকারি কার্যক্রম।
