সিলেট ট্রিবিউন ডেস্কঃ
সৌদি আরবে আজ (২৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ১৪৪৬ হিজরি সনের রমজান মাস ২৯ দিনে সম্পন্ন হচ্ছে এবং আগামীকাল রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বিশ্বস্ত সূত্র ইনসাইড দ্য হারামাইন সৌদি আরবে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করেছে। আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান নবম মাস এবং শাওয়াল দশম মাস। শাওয়ালের প্রথম দিনেই সারা বিশ্বের মুসলিম উম্মাহ ঈদুল ফিতর উদযাপন করে।
বাংলাদেশে ঈদ কবে? সিদ্ধান্ত হবে চাঁদ দেখা কমিটির সভায়
এদিকে, বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আগামীকাল রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান করা হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে পরদিন (৩১ মার্চ, সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ করে মঙ্গলবার (১ এপ্রিল) ঈদ উদযাপন করা হবে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইতোমধ্যে ঈদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশেও চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপনের অপেক্ষায় রয়েছে ধর্মপ্রাণ মুসলিমরা।
