স্টাফ রিপোর্টারঃ সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালিয়ে ৯২ জন অপরাধীকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনসহ নানা অপরাধে ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ৭২টি যানবাহন আটক করা হয়।
আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ৩২ ঘণ্টায় মহানগরীর ৬টি থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ একযোগে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
গ্রেফতার ও অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. মনজুরুল আলম।
তিনি জানান, মহানগরবাসীর নিরাপত্তা জোরদার ও অপরাধীদের দমনে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। ৩২ ঘণ্টার এই বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ৯২ জনের মধ্যে নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত আসামি, চিহ্নিত মাদকসেবী, মাদক কারবারি, চোরাকারবারি এবং বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছে।
অভিযানকালে পুলিশ বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় পণ্য এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। অন্যদিকে, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের অভিযানে ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭২টি যানবাহন আটক করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
এসএমপি কর্মকর্তা আরও জানান, মহানগরীকে অপরাধমুক্ত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই বিশেষ তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
সিটি/লিআ/নিপ্র
