সিলেটট্রিবিউন ডেস্কঃ সিলেটে একটি সরকারি অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে উদ্দেশ করে মাত্র তিন মিনিটের বক্তব্যে রেকর্ড ৮৬ বার ‘স্যার’ সম্বোধন করেছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল। এই ব্যতিক্রমী ও তোষামোদপূর্ণ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো জেলাজুড়ে তোলপাড় ও হাসির খোরাক জোগাচ্ছে।
গতকাল শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল তাঁর প্রায় তিন মিনিটের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় প্রতিটি লাইনেই মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করতে থাকেন। উপস্থিত অনেকে গুনে দেখেন, পুরো বক্তব্যে তিনি মোট ৮৬ বার ‘স্যার’ শব্দটি উচ্চারণ করেছেন।
পরবর্তীতে এই বক্তব্যের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেন ও সচেতন মহলের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ফেসবুকের কমেন্ট বক্সে অনেকেই এটিকে ‘চাটুকারিতা’ ও ‘অতিরিক্ত তোষামোদ’ হিসেবে আখ্যায়িত করেছেন। আবার কেউ কেউ আমলাতন্ত্রের এই ঔপনিবেশিক মানসিকতা এবং সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরন ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতি নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তোলেন।
এই বিষয়ে জানতে চাইলে সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল গণমাধ্যমের কাছে তাঁর অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, “তিন মিনিটের বক্তব্যে ‘স্যার’ শব্দটি বারবার বলা কোনো উদ্দেশ্যপ্রণোদিত বিষয় নয়। এটি আমার দীর্ঘদিনের অভ্যাস এবং স্রেফ শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ। আমি সবসময় সিনিয়র ও অগ্রজদের প্রতি সম্মান জানিয়ে এভাবেই সম্বোধন করে আসছি।”
তিনি আরও যোগ করেন, “বক্তব্য দেওয়ার সময় অভ্যাসবশত ‘স্যার’ শব্দটি একটু বেশি এসে গেছে। এর পেছনে অন্য কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ছিল না। কে কী বলছেন, সেটি যার যার নিজস্ব বিষয়। তবে আমার মূল উদ্দেশ্য ছিল কেবল চরম বিনয়ের সঙ্গে একজন সিনিয়র ব্যক্তিত্বকে সম্মান জানানো।”
সিটি/লিআ/সিটিডেস্ক
