স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর অন্যতম মাদক স্পট কাষ্টঘর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। অভিযানকালে তার হেফাজত থেকে সর্বমোট ৯ হাজার ৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাত ৭টা ৫০ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর সুইপার কলোনি এলাকায় এই সফল অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. সেলিম আহমদ (৪৫)। সে সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর গ্রামের মৃত শাহজাহান বাদশার ছেলে। বর্তমানে সে কোতোয়ালী থানার কাষ্টঘর সুইপার কলোনির নতুন বিল্ডিং-০১ এ বসবাস করে আসছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি বিশেষ দল কাষ্টঘর এলাকায় এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ হাতেনাতে আটক করা হয়।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, এই বড় মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪২, তারিখ: ২৮/০৬/২০২৬ খ্রি.)। গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের উৎস ও এর সাথে জড়িত অন্য সিন্ডিকেট সদস্যদের ধরতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
সিটি/লিআ/স্টারি
