নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি থাকলেও, ঈদের পর থেকেই ব্যবসা প্রতিষ্ঠান খোলা নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঈদের পর থেকে পুনরায় আগের নিয়মে ফিরে গিয়ে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে দেশের সব দোকান ও শপিংমল বন্ধ করতে হবে।
গত মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে সামনে রেখে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত চালু রাখা যাবে। তবে ঈদের ছুটি শেষ হওয়ার পর সামগ্রিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক ও সাশ্রয়ী রাখতে পূর্বের নিয়ম অর্থাৎ সন্ধ্যা ৭টায় বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদকালীন সময়ে দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের অধীন সব দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তারা ঈদের ছুটিতে যেখানে অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে তদারকি করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি এ সংক্রান্ত প্রতিবেদন সরাসরি সচিবের কাছে পাঠাবেন।
রক্ষণাবেক্ষণ বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের সময় গ্রাহকদের ভোগান্তি কমাতে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম তথ্য জানাতে হবে। একই সঙ্গে স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও গ্রাহকদের বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় ঈদের সময় দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হবে।
সিটি/লিআ/নিপ্র
