স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের স্বস্তি দিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কমদামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ কার্যক্রম আগামী কাল বৃহস্পতিবার শেষ হচ্ছে। গত ১০ দিন ধরে (শুক্রবার ব্যতিত) সিলেট মহানগরীর ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই সাশ্রয়ী পণ্য বিক্রি কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রতিটি পয়েন্টে ৪০০ জন করে মোট ৪ হাজার নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতা এই বিশেষ সুবিধা গ্রহণ করেছেন। বর্তমান বাজারে যেসব নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সাধারণ মানুষের প্রায় ১২০০ টাকা খরচ করতে হতো, টিসিবির এই কার্যক্রমে তা মাত্র ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে। এই প্যাকেজে ক্রেতারা পাচ্ছেন ৫ কেজি চাল বা আটা, ২ লিটার সয়াবিন তেল এবং ১ কেজি চিনি। বাজারে ঊর্ধ্বমূল্যের এই সময়ে টিসিবির এমন উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
আগামী কাল বৃহস্পতিবার সমাপনী দিনে সিলেট নগরীর যে ১০টি পয়েন্টে এই সাশ্রয়ী পণ্য পাওয়া যাবে, সেগুলো হলো— ১৫নং ওয়ার্ডের যতরপুর, ৩০নং ওয়ার্ডের জৈনপুর, ২৪নং ওয়ার্ডের কুশিঘাট, ২২নং ওয়ার্ডের উপশহর, ১৯নং ওয়ার্ডের মিরাবাজার, ৬নং ওয়ার্ডের চৌকিদেখী, ১২নং ওয়ার্ডের শেখঘাট, ৫নং ওয়ার্ডের বড়বাজার, ১৭নং ওয়ার্ডের কাজীটুলা এবং ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর।
এদিকে ঈদ উপলক্ষে আয়োজিত এই কার্যক্রমটি আপাতত শেষ হতে চলায় অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ সুবিধাভোগীরা। কদমতলী ও শেখঘাট পয়েন্টে পণ্য নিতে আসা কয়েকজন ক্রেতা জানান, বিভিন্ন উৎসব বা উপলক্ষ্য কেন্দ্রিক মাত্র কয়েক দিনের জন্য এই সেবা না দিয়ে, যদি সারাবছর ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের এই কার্যক্রম চালু রাখা হতো, তবে দরিদ্র ও শ্রমজীবী মানুষের ভোগান্তি অনেকাংশে হ্রাস পেতো।
সিটি/লিআ/নিপ্র
