মোঃ ফয়জুল ইসলাম, ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১-এর জোনাল অফিসের বিরুদ্ধে নানা অনিয়ম ও চরম গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। নতুন মিটার ও তার (ওয়ার) সংকটের অজুহাত দেখিয়ে মাসের পর মাস গ্রাহকদের সংযোগ বঞ্চিত রাখা হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। এতে করে নতুন নির্মাণাধীন বাসাবাড়ির মালিক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, আবেদন করার পর দীর্ঘ সময় পার হলেও বিদ্যুৎ সংযোগ পাওয়া যাচ্ছে না। স্থানীয় পাছপাড়া গ্রামের শাহ আনহার মিয়া ও বোয়ালজোড় এলাকার সৈয়দ হুমায়ুন কবিরসহ একাধিক গ্রাহক জানান, সব ধরনের কাগজপত্র জমা দেওয়ার পরও শুধু মিটার না থাকার অজুহাতে তাদের দিনের পর দিন ঘোরানো হচ্ছে। এমনকি বারবার অফিসে যোগাযোগ করেও কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হচ্ছে না।
অভিযোগ উঠেছে, অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীকে অবৈধ উৎকোচ বা বাড়তি সুবিধা দিলে কাজ দ্রুত সম্পন্ন হলেও সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে টালবাহানা করা হয়। এছাড়া পুরোনো মিটারে অতিরিক্ত বা ‘ভূতুড়ে বিল’ আসার অভিযোগ দিলেও তা পরিবর্তন করা হচ্ছে না। মিটার সংকটের কারণে ত্রুটিপূর্ণ মিটারগুলোও পরিবর্তন সম্ভব হচ্ছে না, যার ফলে সাধারণ মানুষের আর্থিক ক্ষতি ও ভোগান্তি কয়েক গুণ বেড়েছে।
এ বিষয়ে ওসমানীনগর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নাইমুল হাসানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে অফিস সূত্র জানিয়েছে, কেন্দ্রীয়ভাবে সরবরাহ কম থাকায় মিটারের এই সাময়িক সংকট তৈরি হয়েছে এবং সরবরাহ পাওয়া গেলে দ্রুত সমাধান করা হবে। বিদ্যুৎ বিভাগের এই উদাসীনতায় ক্ষুব্ধ গ্রাহকরা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
সিটি/লিআ/নিপ্র