সিলেটট্রিবিউন ডেস্কঃ গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১১টা), ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে তিনতলা বিশিষ্ট কারখানা ভবনের নিচতলায় প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি এবং গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। কারখানার নৈশ প্রহরী দীন ইসলাম জানান, বিকেলে কারখানা ছুটি হওয়ার পর রাত ৮টায় তিনি ডিউটিতে আসেন। রাত ৯টার দিকে হঠাৎ কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তিনি অন্যদের খবর দেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন সংবাদমাধ্যমকে জানান, পাঁচটি ইউনিট নিরলসভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সিটি/লিআ/ডেস্ক
